দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৪৩৯ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ১৬৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৯ জন, চট্টগ্রাম বিভাগে ৭৫ জন, খুলনা বিভাগে ৪১ জন, রাজশাহী বিভাগে ২৬ জন, রংপুর বিভাগে ৩০ জন, সিলেট বিভাগে একজন এবং বরিশাল বিভাগে ৮৩ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ১২ হাজার ৬৪০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু হওয়ায় চলতি বছরে এ রোগে মৃতের সংখ্যা বেড়ে ৪০ জনে দাঁড়িয়েছে। একই সময়ে মোট ১১ হাজার ৪৯৭ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হন। ওই বছর ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়েছিল। সূত্র : বাসস



