গত ২৪ ঘণ্টায় দেশে হাম ও হাম উপসর্গে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ৪৪৮ শিশু। এর মধ্যে সন্দেহজনক এক হাজার ৩৫৮ শিশু এবং নিশ্চিত হামে ৯০ শিশু আক্রান্ত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
প্রতিবেদন থেকে জানা গেছে, দেশে হামে আক্রান্ত হয়ে সব বিভাগে মৃত্যুর খবর থাকলেও রংপুর বিভাগে এখনো কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে মৃত্যু ও আক্রান্তের দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে ঢাকা বিভাগ। এ বিভাগে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত (২৭ এপ্রিল সকাল ৮টা) হাম ও হাম সন্দেহে ১৩১ জন শিশুর মৃত্যু এবং ১২ হাজার ২১০ শিশু আক্রান্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের দেয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও হাম উপসর্গে ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৪৪ শিশুর এবং ২২০ শিশুর হাম উপসর্গে মৃত্যু হয়। এ সময়ে হাম ও হাম উপসর্গে ৩৮ হাজার ৭৯ শিশুর মধ্যে নিশ্চিত হামে চার হাজার ৬৯৩ শিশু এবং সন্দেহজনক ৩৩ হাজার ৩৮৬ শিশু আক্রান্ত হয়েছে।



