সারা দেশে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় আরো আট শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
বুধবার (১৩ মে) প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, এ সময় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে এক হাজার ৬১৫ জন।
এর মধ্যে সিলেট বিভাগে তিনজন, ময়মনসিংহে দুইজন এবং ঢাকা ও চট্টগ্রাম বিভাগে একজন করে মোট আটজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বুধবার সকাল পর্যন্ত হাম ও এর উপসর্গে মোট ৪৩২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে ৬৯ জনের, আর উপসর্গে মারা গেছে ৩৬৩ জন।
একই সময়ে নতুন করে ১২৬ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি পরীক্ষায় নিশ্চিত হয়েছে। পাশাপাশি আরো এক হাজার ৪৮৯ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা দিয়েছে। এ নিয়ে গত দেড় মাসে মোট সাত হাজার ১৫০ জনের হামে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে এবং ৫৩ হাজার ৫৬ জনের মধ্যে উপসর্গ শনাক্ত হয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের প্রতিবেদন অনুযায়ী, এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ৩৮ হাজার ৫৪ জন। তাদের মধ্যে ৩৩ হাজার ৮৩২ জন ইতোমধ্যে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।



