‘দেশেই সর্বাধুনিক চিকিৎসা আছে’

দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে ইউরোলজি দিবস উদযাপিত

দিবসটি উপলক্ষে ইউরোলজি বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম যেমন র‌্যালি, সাধারণ আলোচনা, বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করা হয়।

নিজস্ব প্রতিবেদক
ইউরোলজি দিবস উদযাপিত
ইউরোলজি দিবস উদযাপিত |নয়া দিগন্ত

দেশব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো ইউরোলজি দিবস-২০২৬।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইউরোলজিক্যাল সার্জনসের (বিএনইউএস) তত্ত্বাবধানে এবং দেশের সরকারি ও বেসরকারি মেডিক্যাল কলেজ ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিজ নিজ উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়।

দিবসটি উপলক্ষে ইউরোলজি বিষয়ক জনসচেতনতামূলক কার্যক্রম যেমন র‌্যালি, সাধারণ আলোচনা, বৈজ্ঞানিক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে বিশ্বের সর্বাধুনিক ইউরোলজি চিকিৎসা হচ্ছে। বিদেশ যাওয়ার প্রয়োজন নেই। কর্মসূচিতে কিডনি, মূত্রনালি ও প্রোস্টেটজনিত রোগের প্রতিরোধ, প্রাথমিক লক্ষণ শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা পদ্ধতি এবং সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ‘অধুনিক ইউরোলজি সেবা : সবার জন্য প্রাপ্যতা’।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিডনি ও মূত্রনালির রোগ দিন দিন বাড়ছে, কিন্তু সচেতনতার অভাবে অনেক রোগী দেরিতে চিকিৎসা নিতে আসেন। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পর্যাপ্ত পানি পান, স্বাস্থ্যকর জীবনযাপন এবং উপসর্গ দেখা দিলে দ্রুত ইউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে এসব রোগের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

দেশের বিভিন্ন বিভাগের সরকারি ও বেসরকারি হাসপাতালে ইউরোলজিস্টরা আধুনিক ইউরোলজি সেবা প্রদান করে থাকেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালেই বছরে বহিঃবিভাগে প্রায় ৫০ হাজার ইউরোলজির রোগী সেবা নেন। এর মধ্যে অন্তঃবিভাগে প্রায় পাঁচ হাজার রোগী ভর্তি হন এবং বছরে প্রায় চার হাজার রোগীকে অপারেশন করতে হয়।

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে বহিঃবিভাগে বছরে প্রায় ৭৫ হাজারে বেশি রোগী সেবা গ্রহণ করেন এবং বছরে প্রায় সাড়ে চার হাজার অপারেশন হয়। ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজিতে বহিঃবিভাগে ৬০ হাজার রোগী ইউরোলজির সেবা নেন।

এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হাসপাতাল-এ বহিঃবিভাগে প্রায় ১২,০০০ রোগী, অন্তঃবিভাগে ৮০০ রোগী এবং বছরে প্রায় ৬৫০টি অপারেশন হয়। শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে বহিঃবিভাগে প্রায় ১৬,০০০ রোগী, অন্তঃবিভাগে ৬০০ রোগী এবং বছরে প্রায় ৭০০টি অপারেশন সম্পন্ন হয়। একইভাবে মুগদা মেডিক্যাল কলেজ হাসপাতালে বহিঃবিভাগে প্রায় ১৪,০০০ রোগী, অন্তঃবিভাগে ১,২০০ রোগী ভর্তি হন এবং বছরে প্রায় ৮০০টি অপারেশন সম্পন্ন হয়। এ পরিসংখ্যান থেকে স্পষ্ট যে দেশের বিভিন্ন সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত প্রতিষ্ঠানে ইউরোলজি বিভাগে বিপুলসংখ্যক রোগী আধুনিক চিকিৎসা সেবা গ্রহণ করছেন। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে উল্লেখ্যযোগ্য সংখ্যক রোগী ইউরোলজি সেবা পেয়ে আসছেন।