ডেঙ্গুতে আরো তিনজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪৪

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক আট শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক দু’ শতাংশ নারী।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে ভর্তি ৪৪৪
হাসপাতালে ভর্তি ৪৪৪ |সংগৃহীত

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যু ঘটনা থামছে না। সোমবার (২১ জুলাই) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় তিনজনের মৃত্যু হয়েছে। আর এই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৪৪ জন রোগী।

মঙ্গলবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ অ্যান্ড ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে। এ সময়ে বিভাগটিতে নতুন আক্রান্তের সংখ্যা সর্বোচ্চ ১২৭ জন। বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্যানুসারে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৪৪ জন।

নতুন আক্রান্তের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১২১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৩২৩ জন। বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৬৫ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৫৩ দশমিক আট শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক দু’ শতাংশ নারী।

বিজ্ঞপ্তি অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ১৮ হাজার ২৬ জন। এর মধ্যে ৫৮ দশমিক সাত শতাংশ পুরুষ এবং ৪১ দশমিক তিন শতাংশ নারী। ইউএনবি