ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনে গেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। এ সময় বেশকিছু অসঙ্গতির কারণে হাসপাতালের পরিচালককে সেগুলো সমাধানের তাগিদ দেন তিনি।
আজ বুধবার সকাল ৯টার দিকে তিনি হাসপাতালে যান। ঢাকা মেডিক্যালে পুরাতন ভবনের বেশকিছু ওয়ার্ড, জরুরি বিভাগের অপারেশন থিয়েটার ও বার্ন ইউনিট পরিদর্শন করেন তিনি।
পরিদর্শন শেষে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন উপস্থিত সাংবাদিকদের বলেন, এখানে রোগীর তুলনায় ফ্যাসিলিটি কম। আরো ডাক্তার দরকার। স্টাফ, নার্স , কর্মকর্তা ও কর্মচারীদের অপ্রতুলতা রয়েছে। আগে যেমন দেখতাম রোগীর বিছানা তেলাপোকা ভরা, এখন সেটি কম। রোগীরা অনেক মেডিসিন পাচ্ছে না, এমন কমপ্লেইন রয়েছে। একটি বাদে বাকি অপারেশন থিয়েটার উন্নত না। এনেস্থেসিয়ার ডাক্তারের স্বল্পতা রয়েছে। হাসপাতালের বেডসিটসহ বিভিন্ন কাপড় নিম্নমানের ওয়াশ করানো হয়। এজন্য পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে বলেছি, বিল কেটে নেয়ার কথা। আমরা সীমিত সম্পদের মধ্যেই স্বাস্থ্যসেবা সবার দোরগোড়ায় পৌঁছে দিব। সারাদেশের হাসপাতাল নিয়ে বিগ প্ল্যান রয়েছে।
মন্ত্রী বলেন, হাসপাতালে কাউকে দালালি করতে দিবো না। ট্রলি ভাড়া দিয়ে টাকা নিতে দিবো না। দালালদের কঠোর হস্তে দমন করা হবে। এমনকি হাসপাতালে ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ পাওয়া যায়। তারা যদি কোনো প্রকার অপরাধমূলক সাথে জড়িত থাকে তাদের ছাড় দেয়া হবে না। সবার উদ্দেশ্যে বলা হচ্ছে, অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন।



