ছাত্রদলের হামলায় আহত হয়ে ন্যাশনাল হাসপাতালে চিকিৎসারত বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের ওপর হামলাকে অত্যন্ত গর্হিত কাজ বলে অভিহিত করেছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
এরকম হামলাকে অত্যন্ত দুঃখজনক আখ্যায়িত করে এনডিএফ বলেছে, দৃর্বৃত্তরা হাসপাতালে গিয়েও চিকিৎসাধীন আহতদের ওপর পুনরায় হামলা চালায়। একইসাথে সাধারণ রোগী ও তাদের স্বজনরাও হামলা ও আতঙ্কের শিকার হন।
এই ঘটনায় ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম ও জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেন গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃদ্বয় বলেন, কোনো রাজনৈতিক বা সাংগঠনিক বিরোধের জের কোনোভাবেই হাসপাতালের মতো একটি সেবামূলক প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়া গ্রহণযোগ্য নয়। হাসপাতালের জরুরি বিভাগে যখন সঙ্কটাপন্ন রোগীদের জীবনরক্ষায় চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা দায়িত্ব পালন করেন, তখন সেখানে সংঘর্ষ ও হামলা শুধু চিকিৎসাসেবা ব্যাহত করে না; বরং রোগী ও চিকিৎসা-সংশ্লিষ্ট সবার জীবনকে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে।
ন্যাশনাল ডক্টরস ফোরাম এই ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত দাবি করছে। একইসাথে হামলা ও সহিংসতার সাথে জড়িত ব্যক্তিদের- সে যে পক্ষেরই হোক- আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে।



