সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালকে ঘিরে প্রচারিত বিভিন্ন বক্তব্যের সাথে হাসপাতাল কর্তৃপক্ষের কোনো সম্পৃক্ততা নেই বলে স্পষ্ট করেছে প্রতিষ্ঠানটি। একই সাথে প্রচারিত এসব বক্তব্যকে হাসপাতালের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে বিবেচনা না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
শুক্রবার (২৭ জুন) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে হাসপাতাল-সংশ্লিষ্ট কিছু বক্তব্য ছড়িয়ে পড়েছে, যা তাদের নজরে এসেছে। তবে এসব বক্তব্যের সাথে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আদ-দ্বীন ফাউন্ডেশন এবং এর আওতাধীন সব প্রতিষ্ঠান দেশের প্রচলিত আইন, সংবিধান ও সরকারের নীতিমালা অনুসরণ করে পরিচালিত হয়। আইন ও বিধি বিধানের প্রতি শ্রদ্ধাশীল থেকে সব ধরনের কার্যক্রম পরিচালনায় প্রতিষ্ঠানটি অঙ্গীকারবদ্ধ।
হাসপাতাল কর্তৃপক্ষ জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেছে, বিভিন্ন মাধ্যমে প্রচারিত বক্তব্য বা মতামতকে আদ-দ্বীন উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালের আনুষ্ঠানিক বক্তব্য বা অবস্থান হিসেবে বিবেচনা করা যাবে না।
প্রেস বিজ্ঞপ্তিতে আদ-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল স্বাক্ষর করেন।



