দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ১১৮টি শিশু।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬২৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৩টি শিশুমারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৭১৯টি শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ১৬৭টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৫১। এই সময়ে ৮৮২টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯০৮টি শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ দুই হাজার ২৮ জন আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১২ হাজার ১৩২। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৮৫ হাজার ৫০৯ রোগী, যাদের মধ্যে ৮১ হাজার ৮৮২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
সূত্র : ইউএনবি



