শরীয়তপুর সদর হাসপাতালে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ডা: নাসির ইসলামের চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ- ড্যাব নেতারা।
ড্যাব’র ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা: মো: আবুল কেনান ও মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিলের নেতৃত্বে চিকিৎসকদের একটি প্রতিনিধি দল রোববার (১৭ মে) বিকেলে তাকে দেখতে যান এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
এ সময় ড্যাব নেতৃবৃন্দ জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের ফলে ডা: নাসির ইসলামের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে এবং বর্তমানে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হচ্ছে।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে, ডা: নাসির উসলাম দ্রুত সুস্থ হয়ে পুনরায় চিকিৎসাসেবায় ফিরে আসতে পারবেন।
ডা: নাসির ইসলামের জরুরি ও উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ গ্রহণ করায় ড্যাব নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রীকে ধন্যবাদ জানান।
একইসাথে ড্যাব নেতারা চিকিৎসকদের ওপর সংঘটিত এই নৃশংস ও বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এ ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবিও জানিয়েছেন।
নিরবছিন্ন ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের নিরাপত্তা ও কর্মস্থলের সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছে ড্যাব।



