রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে এক রাতে ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার আদ্-দ্বীন ফাউন্ডেশনের এইচ আর অ্যান্ড কোম্পানি অ্যাফেয়ার্স পরিচালক তারিকুল ইসলাম মুকুলের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়, ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ গভীরভাবে মর্মাহত।
হাসপাতালের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) দিবাগত রাত ২টার দিকে হাসপাতালের দ্বিতীয় তলার পোস্ট-অপারেটিভ ওয়ার্ড-২–এ শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালু থাকলেও কয়েকজন নবজাতকের মা সেগুলো বন্ধ রাখার অনুরোধ জানান। পরে কর্তব্যরত নার্সরা এসি বন্ধ করে দেন।
এরপর রাত ৩টার দিকে পুনরায় এসি চালু করা হয়। রাত ৪টার দিকে একটি নবজাতক অস্বাভাবিকভাবে কান্না শুরু করলে তাকে দ্রুত নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) নেয়া হয়। পরবর্তীতে আরো পাঁচ নবজাতককে একইভাবে এনআইসিইউতে স্থানান্তর করা হয়।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ৬টার দিকে প্রথম নবজাতকের মৃত্যু হয়। এরপর সকাল ৬টা থেকে ৯টার মধ্যে আরো পাঁচ শিশুর মৃত্যু ঘটে। ওই ওয়ার্ডে সদ্য সন্তান জন্ম দেয়া মায়েরা নবজাতকদের নিয়ে অবস্থান করছিলেন। রাতের শিফটে সেখানে তিনজন নার্স দায়িত্ব পালন করছিলেন।
ঘটনার পরপরই হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হন। পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং পুলিশ প্রশাসনের সদস্যরা ঘটনাটি তদন্তে হাসপাতালে অবস্থান করেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের হৃদয়বিদারক ঘটনা কেন ঘটেছে তা উদঘাটনে সরকারের সংশ্লিষ্ট বিভাগকে সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে। একই সাথে হাসপাতালের পক্ষ থেকেও অভ্যন্তরীণ তদন্ত শুরু হয়েছে।
বিবৃতিতে আরো বলা হয়, তদন্তে কারো গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।



