আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু : তদন্ত প্রতিবেদন ৩ জুন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আজ তদন্ত প্রতিবেদন জমা দেয়া সম্ভব হচ্ছে না। কমিটিকে আরো তিন দিন সময় দেয়া হয়েছে। সন্তান হারানো মায়েদের বক্তব্য এখনো নেয়া যায়নি। তাদের বক্তব্য সংগ্রহের পর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন জমা দেয়া হবে।”

নয়া দিগন্ত অনলাইন

রাজধানীর মগবাজারের আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটির পূর্ণাঙ্গ প্রতিবেদন আগামী ৩ জুন জমা দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল।

শনিবার (৩০ মে) সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ তদন্ত প্রতিবেদন জমা দেয়া সম্ভব হচ্ছে না। কমিটিকে আরো তিন দিন সময় দেয়া হয়েছে। সন্তান হারানো মায়েদের বক্তব্য এখনো নেয়া যায়নি। তাদের বক্তব্য সংগ্রহের পর পূর্ণাঙ্গ প্রতিবেদন ৩ জুন জমা দেয়া হবে।’

তিনি জানান, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে জানা গেছে, হাসপাতালের একটি ইউনিটে রাত ২টা থেকে ৪টা পর্যন্ত প্রায় দুই ঘণ্টা শীতাতপ নিয়ন্ত্রণ (এসি) ব্যবস্থা বন্ধ ছিল। ওই সময়ে পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থাও ছিল না। ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নির্ধারণ করা হবে এবং প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

‘প্রতিবেদনে যদি কোনো ধরনের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে কাউকে ছাড় দেয়া হবে না,’ বলেন স্বাস্থ্যমন্ত্রী।

এর আগে গত বুধবার (২৭ মে) রাতে পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ছয় নবজাতকের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় এক নবজাতকের পরিবারের পক্ষ থেকে রাজধানীর রমনা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তদন্ত প্রতিবেদন প্রকাশের পর মৃত্যুর কারণ ও দায়-দায়িত্ব সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।