হাম, ভাইরাস জ্বরসহ বিভিন্ন সংক্রামক রোগের চিকিৎসায় বাংলাদেশকে সহায়তা দিতে আগ্রহ প্রকাশ করেছে ভারতের রাজস্থানের উদয়পুরে অবস্থিত পিআইএমএস মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল। একই সঙ্গে ক্যানসারসহ জটিল রোগের চিকিৎসা এবং বাংলাদেশি চিকিৎসকদের প্রশিক্ষণ দেয়ার প্রস্তাবও দিয়েছে প্রতিষ্ঠানটি।
শুক্রবার (১৭ এপ্রিল) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হাসপাতালটির অনকো সার্জারি সার্ভিসের পরিচালক কুরেশ বামবারা।
তিনি বলেন, বাংলাদেশ সরকার চাইলে হাম ও ভাইরাস জ্বরসহ বিভিন্ন রোগের চিকিৎসায় সহায়তা দিতে বিশেষজ্ঞ চিকিৎসক দল পাঠানো যেতে পারে। পাশাপাশি অডিও-ভিডিও মাধ্যম ব্যবহার করে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার মাধ্যমেও সহযোগিতা করা সম্ভব।
কুরেশ বামবারা জানান, ভারতের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) বা অ্যাপোলো হাসপাতালের তুলনায় কম খরচে উন্নত চিকিৎসা সেবা দিতে সক্ষম পিআইএমএস।
সংবাদ সম্মেলনে হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন।



