রাজশাহী মেডিক্যালে নবজাতকের জন্য রেডিয়েন্টের ভেন্টিলেটর হস্তান্তর

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভেন্টিলেটরগুলো তুলে দেন।

বিশেষ সংবাদদাতা
ভেন্টিলেটর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অন্যরা
ভেন্টিলেটর হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীসহ অন্যরা |নয়া দিগন্ত

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নবজাতকদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালুস লিমিটেড উচ্চমানসম্পন্ন ইউএসএ অরিজিন এর দু’টি নিওনেটাল ভেন্টিলেটর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যেমে হস্তান্তর করেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বেলা সকালে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস আনুষ্ঠানিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে ভেন্টিলেটরগুলো তুলে দেন। এ সময় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে এম মাসুদ উল ইসলাম উপস্থিত ছিলেন বলে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস থেকে জানানো হয়।

রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালক নাসরুল্লাহ জানান, পর্যায়ক্রমে মোট ১০টি ভেন্টিলেটর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের কাছে প্রদান করা হবে। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে আজ দু’টি ভেন্টিলেটর প্রদান করা হলো এবং বাকি ভেন্টিলেটরগুলো আমদানি প্রক্রিয়াধীন আছে।

সম্প্রতি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভেন্টিলেটরের অভাবে শিশু মৃত্যুর ঘটনা ঘটায় বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় আনেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেন। এরই ধারাবাহিকতায় দ্রুত পদক্ষেপ নেয়া হয়।

হাসপাতাল পরিদর্শন শেষে সচিব কামরুজ্জামান চৌধুরী জানান, রাজশাহীতে শিশু হাসপাতালের ভবন প্রস্তুত থাকলেও প্রয়োজনীয় সুবিধার অভাবে তা এখনো চালু হয়নি। খুব শিগগিরই সেখানে শিশুদের বহির্বিভাগ চালু করা হবে এবং পর্যায়ক্রমে সেটিকে পূর্ণাঙ্গ শিশু হাসপাতালে রূপান্তর করা হবে।