বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংক্রামক রোগ বিশেষজ্ঞ প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। গত বছর আয়োজিত এক অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য তাকে এ সম্মাননা দেয়া হয়।
ওই অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেলের (আইকিউএসি) পরিচালক প্রফেসর নুরুন্নাহার খানমের পক্ষ থেকে প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাসকে একটি প্রশংসাপত্র প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এফ এম সিদ্দিকী। আরো উপস্থিত ছিলেন প্রো-ভিসি প্রফেসর আবুল কালাম আজাদ, আইকিউএসি’র পরিচালক সহযোগী অধ্যাপক ডি এম এম এফ ওসমানী, সহযোগী অধ্যাপক আবুল ওবায়দা।
প্রফেসর ব্রায়ান অ্যাঙ্গাস যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব অক্সফোর্ডের সংক্রামক রোগ বিভাগের রিডার এবং মেডিক্যাল এডুকেশনের প্রফেসর অব প্র্যাকটিস হিসেবে কর্মরত। তিনি অক্সফোর্ড সেন্টার ফর ক্লিনিক্যাল ট্রপিক্যাল মেডিসিন অ্যান্ড গ্লোবাল হেলথের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। ১৯৯৩ সালে নাফিল্ড ডিপার্টমেন্ট অব ক্লিনিক্যাল মেডিসিনে যোগদানের পর তিনি থাইল্যান্ড ও ঘানায় গুরুতর ম্যালেরিয়া ও মেলিওইডোসিস নিয়ে গবেষণা করেন।
বর্তমানে তার গবেষণার মূল বিষয় ক্লিনিক্যাল ট্রায়াল ও ভ্যাকসিন উন্নয়ন, বিশেষ করে কোভিড-১৯, ম্যালেরিয়া, ইনফ্লুয়েঞ্জা, এইচআইভি, ক্রনিক ফ্যাটিগ সিনড্রোম এবং এন্টারিক জ্বর। তিনি মেডিসিনের ক্লিনিক্যাল টিউটর এবং সম্মানসূচক সিনিয়র ক্লিনিক্যাল সায়েন্টিস্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। এ ধরনের আন্তর্জাতিক অংশগ্রহণ ভবিষ্যতে শিক্ষা ও গবেষণায় আরো নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।



