বিএমইউ’র নতুন ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ

‘এই বিশ্ববিদ্যালয়ের কাছে গণমানুষের প্রত্যাশা অনেক বেশি। সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের সেই প্রত্যাশাকে পূরণ করতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
ডা: এফ এম সিদ্দিকী
ডা: এফ এম সিদ্দিকী |সংগৃহীত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) নবনিযুক্ত ভিসি প্রখ্যাত বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী সোমবার (৬ এপ্রিল) সকালে তার প্রথম কর্ম দিবস শুরু করেছেন।

এর আগে, গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।

সকালে প্রথম কর্মদিবসের শুরুতে ভিসিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। সদ্য সাবেক অস্থায়ী ভিসি ও প্রো-ভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রক্টর ডা: শেখ ফরহাদ, ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দ আকরাম হোসেন ও উপ-পরিচালক (জনসংযোগ) সহযোগী অধ্যাপক ডা: মো: সাইফুল আজম রঞ্জু প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী এ সময় বলেন, এই বিশ্ববিদ্যালয়ের কাছে গণমানুষের প্রত্যাশা অনেক বেশি। সমস্যাগুলো সমাধানের মাধ্যমে সাধারণ মানুষের সেই প্রত্যাশাকে পূরণ করতে হবে।

তিনি নিজ নিজ দায়িত্ব উপলব্ধি করে সুষ্ঠু ও সুন্দরভাবে তা সম্পন্ন করতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যার যে দায়িত্ব সেটা সঠিকভাবে পালন করলেই বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সুন্দরভাবে এগিয়ে যাবে। বাসস