গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গে আরো ৫ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে আরো এক হাজার ৪১১টি শিশু।
শুক্রবার (৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচ শিশুরই মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৪৩টি শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৬৮ জনে।
স্বাস্থ্য অধিদফতরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা যায়নি। চলতি বছরের ১৫ মার্চ থেকে ৫ জুন পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৬১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯১টি শিশু এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৫১৯ জনের।
১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৭৬ হাজার ৮৭৬ জন। নিশ্চিত হাম রোগীর সংখ্যা নয় হাজার ৫০৩ জন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৬২ হাজার ২৩৭ রোগী, যাদের মধ্যে ৫৮ হাজার ১৫৪ জন ছাড়পত্র পেয়ে এরইমধ্যে বাড়ি ফিরেছে।



