উত্তরখানে জামায়াতের ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণমুখী বাজেটের পরিবর্তে গণবিরোধী বাজেট ঘোষণা করেছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে প্রয়োজনীয় বরাদ্দ না দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, যা দুর্নীতি ও লুটপাটকে উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেন।

নয়া দিগন্ত অনলাইন

রাজধানীর উত্তরখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত অর্ধদিবসব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির এবং ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে আনা না গেলে কোনো বাজেটই কার্যকরভাবে বাস্তবায়ন সম্ভব নয়।

শুক্রবার (১২ জুন) সকাল সাড়ে ৯টায় উত্তরখান কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তরা পূর্ব জোনের আয়োজনে এ মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করা হয়।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৪৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মো. ইসরাইল, ৪৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী কামাল উদ্দিন রায়হান, ৪৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গীর হোসেন তালুকদার, দক্ষিণখান উত্তর থানা আমির মাওলানা মোস্তাকিম আলম এবং উত্তরখান পশ্চিম থানা আমির নিজাম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, জামায়াতে ইসলামী একটি আদর্শভিত্তিক ও মানবিক রাজনৈতিক সংগঠন। মানবসেবার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং মানুষের কল্যাণ নিশ্চিত করাই সংগঠনটির লক্ষ্য। তিনি বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকাকে আরও মানবিক ও জনবান্ধব নগরীতে পরিণত করতে জামায়াত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি জানান, নগরবাসীর স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা হটলাইন চালু, বাসা থেকে নমুনা সংগ্রহ, পরীক্ষার রিপোর্ট পৌঁছে দেওয়া এবং জরুরি চিকিৎসাসেবার জন্য ডাক্তার ও অ্যাম্বুলেন্স সুবিধা নিশ্চিত করা।

জামায়াতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে তিনি বলেন, অতীতের মতো ভবিষ্যতেও কোনো ষড়যন্ত্রের মাধ্যমে জামায়াতকে দুর্বল করা সম্ভব হবে না। তিনি সরকারকে নেতিবাচক রাজনীতি পরিহার করে ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি চর্চার আহ্বান জানান।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, সরকার গণমুখী বাজেটের পরিবর্তে গণবিরোধী বাজেট ঘোষণা করেছে। স্বাস্থ্য ও শিক্ষা খাতে প্রয়োজনীয় বরাদ্দ না দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয়েছে, যা দুর্নীতি ও লুটপাটকে উৎসাহিত করবে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরো বলেন, বড় আকারের বাজেট প্রণয়ন করলেই উন্নয়ন নিশ্চিত হয় না। আত্মকর্মসংস্থান সৃষ্টি, কৃষিখাতের উন্নয়ন এবং সুশাসন নিশ্চিত না হলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে না। দেশের চলমান দুর্নীতির প্রসঙ্গ তুলে তিনি বলেন, “দুর্নীতি বন্ধ করা না গেলে কোনো বাজেটই বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই দুর্নীতির বিরুদ্ধে সরকারকে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করতে হবে।”

অনুষ্ঠান শেষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পে আগত সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।