আদ-দ্বীনে শিশু মৃত্যু: অবহেলার অভিযোগে মামলা

মারা যাওয়া ছয় নবজাতকের মধ্যে এক শিশুর পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন

রাজধানীর আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসাথেে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় অবহেলার অভিযোগ এনে থানায় মামলা করা হয়েছে। এক শিশুর স্বজনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানায় এই মামলাটি রেকর্ড করা হয়েছে।

বুধবার (২৭ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন শেখ জাহিদুল ইসলাম।

তিনি জানান, মারা যাওয়া ছয় নবজাতকের মধ্যে এক শিশুর পরিবারের পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতির বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ পাওয়ার পর রমনা থানায় মামলাটি দায়ের করা হয়।

এর আগে নিহত ছয় নবজাতকের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। স্বজনরা ময়নাতদন্ত করাতে অনিচ্ছা প্রকাশ করায় আবেদন সাপেক্ষে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

উল্লেখ্য, রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল-এর পোস্ট ডেলিভারি ওয়ার্ডে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যু হয়। নিহত শিশুদের স্বজনদের অভিযোগ, ওয়ার্ডে অব্যবস্থাপনা এবং শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা (এসি) বন্ধ থাকায় এ ঘটনা ঘটেছে।

অপরদিকে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।