হামের উপসর্গ নিয়ে আরো ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৬৩

গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৭৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৮টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৭৩টি শিশুর মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হামে আক্রান্ত শিশু
হামে আক্রান্ত শিশু |ইন্টারনেট

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ছয় শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে এক হাজার ৬৩টি শিশু।

আজ রোববার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো ছয় শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৭৭৫টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৮টি শিশু মারা গেছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৮৭৩টি শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৭৫টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৯৮৮। এই সময়ে ৯৩৮টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৯৪২টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা এক লাখ ৩৬ হাজার ৩২০ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৭ হাজার ১১৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট এক লাখ ১৮ হাজার ৩৮২ রোগী, যাদের মধ্যে এক লাখ ১৪ হাজার ১৪২ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে। সূত্র : ইউএনবি