বিএমইউ’র ১০৩৯ কোটি টাকার বাজেট : ওষুধে ও গবেষণায় বেড়েছে ৮ কোটি

এবার বাজেটে লক্ষ্যণীয় হলো– ২০২৫-২৬ অর্থ বছরের থেকে এবার ওষুধে বেড়েছে আট কোটি টাকা। ওষুধে মোট বরাদ্দ বেড়েছে ২০ কোটি টাকা। অন্যদিকে গবেষণায় বাড়ানো হয়েছে সাত কোটি ৭০ লাখ টাকা। গবেষণায় সংশোধিত বাজেটে আরো বাড়ানোর কথাও বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) |সংগৃহীত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) ক্যান্সার চিকিৎসার সম্প্রসারণ, বিনামূল্যে ওষুধ, স্বাস্থ্যসেবা মানোন্নয়ন, মেডিক্যাল শিক্ষার আধুনিকায়ন ও গবেষণা-প্রশিক্ষণকে অগ্রাধিকার দিয়ে ২০২৬-২৭ অর্থ বছরের জন্য এক হাজার ৩৯ কোটি টাকার বাজেট ঘোষণা করেছে।

এবার বাজেটে লক্ষ্যণীয় হলো– ২০২৫-২৬ অর্থ বছরের থেকে এবার ওষুধে বেড়েছে আট কোটি টাকা। ওষুধে মোট বরাদ্দ বেড়েছে ২০ কোটি টাকা। অন্যদিকে গবেষণায় বাড়ানো হয়েছে সাত কোটি ৭০ লাখ টাকা। গবেষণায় সংশোধিত বাজেটে আরো বাড়ানোর কথাও বলা হয়েছে।

শনিবার (২৭ জুন) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা: মিল্টন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেটের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এর আগে ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১০০তম সিন্ডিকেট সভায় বাজেটটি অনুমোদন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএমইউর কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার বলেন, এবারের বাজেটের প্রতিপাদ্য ‘আগামীর বাংলাদেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’। ‘চিকিৎসা মানুষের সামর্থ্যের ভিত্তিতে নয়, প্রয়োজনের ভিত্তিতে’ এটা নিশ্চিত করার লক্ষ্য নিয়েই এ বাজেট প্রণয়ন করা হয়েছে। স্বাস্থ্য খাতের ক্রমবর্ধমান চাহিদা ও অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় ‘কস্ট কন্ট্রোল অ্যান্ড কস্ট রিডাকশন’ নীতি অনুসরণ করে বাজেটটি প্রস্তুত করা হয়েছে।

তিনি জানান, বাজেটে পাঠ্যক্রম আধুনিকায়ন, ডিজিটাল ক্লাসরুম, ই-লার্নিং, গবেষণা অনুদান বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন, ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) চালু এবং বিনামূল্যে ওষুধ বিতরণের জন্য অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন লিখিত বক্তব্যে বলেন, ঘোষিত বাজেটের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে ছয় কোটি ৮০ লাখ টাকা, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ১৩৬ কোটি ২৮ লাখ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে ১৬৩ কোটি টাকা পাওয়া যাবে। এর মধ্যে ১০৫ কোটি ৪৬ লাখ টাকার ঘাটতি বাজেটও ঘোষণা করা হয়েছে। এটা সংশোধিত বাজেটের মাধ্যমে পূরণের কথা বলা হয়েছে।

শফিকুল হাসান বলেন, এবারের বাজেটে বিতরণের জন্য ২০ কোটি টাকা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনায় ৯০ কোটি টাকা এবং ক্যান্সার চিকিৎসায় তিনটি লিনিয়ার এক্সিলারেটর মেশিন চালু করতে ৭৬ কোটি টাকা রাখা হয়েছে। এছাড়া গবেষণায় ২৮ কোটি পাঁচ লাখ টাকা, ইলেকট্রনিক মেডিক্যাল রেকর্ড (ইএমআর) বাস্তবায়নে সাত কোটি টাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে পাঁচ কোটি টাকা, প্রশিক্ষণে দুই কোটি ১০ লাখ টাকা, রোগীদের পুষ্টিকর খাবারের জন্য ১৮ কোটি টাকা এবং শিক্ষার্থীদের বৃত্তি ও মেধা বৃত্তির জন্য ২২৭ কোটি ৪৭ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

পরিচালন বাজেটের পাশাপাশি উন্নয়ন বাজেটেও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে বাজেটে। এর মধ্যে রয়েছে অ্যাক্রেডিটেড ল্যাব ও রিসার্চ সেন্টার নির্মাণ, বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশন সেন্টার, হেপাটোবিলিয়ারি ও লিভার ট্রান্সপ্লান্ট সেন্টার, কেন্দ্রীয় স্টেম সেল ও গবেষণা কেন্দ্র এবং জনসংখ্যাভিত্তিক জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং কর্মসূচির দ্বিতীয় পর্যায়। এছাড়া পূর্ত ও সংরক্ষণে ১৫ কোটি টাকা, বই পত্র সাময়িকী উপখাতে এক কোটি ৩০ লাখ টাকা রাখা হয়েছে।

সংবাদ সম্মেলনের আগে ২৯তম বাজেট অধিবেশনে ছিলেন বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ডা: এফ এম সিদ্দিকী, দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন এমপি, ডা: মো: মাহাবুবুর রহমান এমপি, মিজ ফাহিমা নাসরিন এমপি, বিএমইউর প্রোভিসি (একাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার, বিএমডিসি’র সভাপতি অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: মনির হোসেন খান, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা: শামীম আহমেদ, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: ইব্রাহিম সিদ্দিক, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান।