ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৯৪

এ যাবৎ চলতি বছরে দেশে ডেঙ্গুতে ৬২ জনের মৃত্যু হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
হাসপাতালে ভর্তি ৩৯৪
হাসপাতালে ভর্তি ৩৯৪ |সংগৃহীত

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। তিনি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার বাসিন্দা। এ যাবৎ চলতি বছরে দেশে ডেঙ্গুতে ৬২ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ৩৯৪ জন দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪১ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আটজন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ছয়জন এবং রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫৮ জন রয়েছেন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১০৯ জন ডেঙ্গু রোগী।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১৬ হাজার ৭৮৯ জন। আক্রান্তদের মধ্যে ৫৩ দশমিক আট শতাংশ পুরুষ এবং ৪৬ দশমিক দু’ শতাংশ নারী। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন মোট ১৫ হাজার ৪৮৮ জন। আজ হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৭১ জন।

২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ এক হাজার ২১৪ জন ও ডেঙ্গুতে মারা গেছেন ৫৭৫ জন। বাসস