বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে শনিবার (৮ নভেম্বর) বাংলাদেশ সোসাইটি অব পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রশনের দু’ দিনব্যাপী ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনারসহ শিশুদের চিকিৎসার আধুনিক উপায়গুলো তুলে ধরা হয়।
এতে দেশীয় চিকিৎসকদের পাশাপাশি বিদেশী বিশেষজ্ঞ চিকিৎসকরাও অংশ নেন। এ আন্তর্জাতিক সম্মেলনে শিশুদের গ্যাস্ট্রিক, লিভার রোগ ও পুষ্টি সম্পর্কিত সমস্যার প্রতিকার, প্রতিরোধ, সচেতনা বৃদ্ধি, সর্বাধুনিক চিকিৎসাসেবা ও শিশু বিষয়ক গ্যাস্ট্রোএন্টারোলজি চিকিৎসার উপর নানা ধরনের গবেষণা উপস্থাপন করা হয়।
আন্তর্জাতিক এ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএমইউর ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা: মো: শাহিনুল আলম। সভাপতিত্ব করেন বাংলাদেশ সোসাইটি অব পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রশনের সভাপতি অধ্যাপক ডা: এ এস এম বজলুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউর শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা: মো: আতিয়ার রহমান। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি মহাসচিব অধ্যাপক ডা: মো: রোকনুজ্জামান। ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির কোষাধ্যক্ষ ডা: মো: আতিয়ার রহমান।
বক্তারা জানান, বাংলাদেশ সোসাইটি অব পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি অ্যান্ড নিউট্রশন’র আন্তর্জাতিক সম্মেলন শিশুদের হেপাটাইটিস, ডায়ারিয়া, ক্রনিক লিভার ডিজিজ প্রতিরোধ, এ বিষয়ে জনসচেতনা বৃদ্ধি, চিকিৎসকদের মাঝে জ্ঞানের আদান-প্রদানসহ শিশুদের লিভার ও গ্যাস্ট্রোএন্টারোলজি বিষয়ক চিকিৎসার প্রসার ও গবেষণায় বিরাট অবদান রাখবে। এছাড়া শিশুদের সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য যথাযথ পুষ্টির নিশ্চয়তা প্রদানেও ভূমিকা রাখবে।



