দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৬ জন। তবে এই সময়ে কেউ মারা যাননি।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) পাঁচজন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিনজন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে দু’জন ও দক্ষিণ সিটি করপোরেশনে ছয়জন রয়েছেন।
এই সময়ে ২১ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৬২ জন।
চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এক হাজার ১৫৮ জন। এর মধ্যে ৬৩ দশমিক সাত শতাংশ পুরুষ ও ৩৬ দশমিক তিন শতাংশ নারী।
এ বছর এ রোগে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক লাখ দু’ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় এক লাখ এক হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়। বাসস



