আসন্ন জাতীয় বাজেটে স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার আহ্বান জানানো হয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ) আয়োজিত গোলটেবিল বৈঠকে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে অনুষ্ঠিত এ গোলটেবিল বৈঠকে সভাপতিত্ব করেন এনডিএফ সভাপতি অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম।
সংগঠনের জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডা: মাহমুদ হোসেনের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইকোনমিক ফোরামের সেক্রেটারি অর্থনীতিবিদ ড. মিজানুর রহমান।
এতে বক্তব্য রাখেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা: মুসলেহ উদ্দীন ফরিদ, এনডিএফের সাবেক সভাপতি অধ্যাপক ডা: এন এ কামরুল আহসান, স্বাস্থ্য অর্থনীতিবিদ ডা: এম এ সবুর, ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের প্রধান সমন্বয়ক অধ্যাপক ডা: সাদরুল আলম, নয়া দিগন্তের বিশেষ সংবাদদাতা হামিম উল কবির, স্বাস্থ্য অর্থনীতিবিদ ও গাইনিকোলজিস্ট ডা: কাজী তাসলিমা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসির অধ্যাপক ড. মহসিন আহমেদ। ধন্যবাদ জ্ঞাপন করেন এনডিএফের সিনিয়র সহ-সভাপতি ডা: এ কে এম ওয়ালীউল্লাহ।
গোলটেবিল বৈঠকে স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় ধাপে ধাপে জিডিপি’র ৪ থেকে ৫ শতাংশে উন্নীত করণ; জেলা পর্যায়ে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস, ক্যান্সার ও হৃদরোগ কেন্দ্র সম্প্রসারণ; চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য নিয়োগ বৃদ্ধি এবং গ্রামীণ স্বাস্থ্যসেবায় বিশেষ প্রণোদনা প্রদান; ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা, ইলেকট্রনিক হেলথ রেকর্ড ও টেলিমেডিসিন সম্প্রসারণ; সরকারি হাসপাতালে ওষুধ সরবরাহ বাড়ানো ও স্বাস্থ্য ব্যয় কমাতে ওষুধ ব্যবস্থাকে শক্তিশালী করা; মানসিক স্বাস্থ্য ও প্রতিবন্ধী স্বাস্থ্যসেবাকে জাতীয় বাজেটে অগ্রাধিকার দেয়া; স্বাস্থ্যখাতে সুশাসন, ডিজিটাল মনিটরিং ও স্বাধীন অডিট ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বক্তারা বলেন, স্বাস্থ্যখাতকে কেবল সামাজিক কল্যাণমূলক খাত হিসেবে নয়, বরং সম্পদ উন্নয়ন, উৎপাদনশীলতা বাড়ানো এবং দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করতে হবে।
বক্তারা বলেন, কার্যকর স্বাস্থ্যবীমা, শক্তিশালী প্রাথমিক স্বাস্থ্যসেবা এবং জবাবদিহিমূলক প্রশাসন থাকলে বাংলাদেশও একটি টেকসই ও জনবান্ধব স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে পারবে।



