হামের উপসর্গ নিয়ে আরো ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৭২

গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

নয়া দিগন্ত অনলাইন
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু
হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন এক শিশু |ইউএনবি ফাইল ছবি

দেশে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২টি শিশু।

বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৮২৬টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৯৯টি শিশুর মৃত্যু হয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৯২৫টি শিশু মারা গেছে।

এছাড়া, ২৪ ঘণ্টায় ৬৮টি শিশু হামে আক্রান্ত হয়েছে, আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ১ হাজার ৪। এই সময়ে ৯৫০টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে, আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৭৯টি শিশু।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৬ হাজার ৭১৫, আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১৮ হাজার ১৪৪। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ১ লাখ ২৮ হাজার ২৬ রোগী, যাদের মধ্যে ১ লাখ ২৩ হাজার ৬৮৪ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।

সূত্র : ইউএনবি