ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নাক, কান, গলা ও হেড-নেক সার্জারি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা: মো: আসাদুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মেডিক্যাল ও ডেন্টাল কলেজগুলোর জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ করছেন।
বুধবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গত ১৭ আগস্ট রাতে রাজধানীর শান্তিনগর এলাকায় চেম্বার শেষে বাসায় ফেরার পথে একদল দুর্বৃত্ত তার সিএনজিচালিত অটোরিকশার গতিরোধ করে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
নেতৃবৃন্দ বলেন, একজন চিকিৎসক প্রতিদিন মানুষের জীবন রক্ষায় নিজেকে নিয়োজিত রাখেন, তার ওপর এ ধরনের নৃশংস হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়, এটি সমগ্র চিকিৎসক সমাজ ও স্বাস্থ্যব্যবস্থা ওপর আঘাত। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে বলতে চাই, চিকিৎসক মানুষের জীবন বাঁচাতে নিজের নিরাপত্তার কথা ভুলে কাজ করেন, সেই চিকিৎসকই যদি কর্মস্থল কিংবা নিজ বাসায় ফেরার পথে নিরাপদ না থাকেন, তাহলে চিকিৎসক কিভাবে সঠিক চিকিৎসা প্রদান করবেন? চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। একজন চিকিৎসকের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আইন নিজের হাতে তুলে নিয়ে হামলা চালানোর কোনো অধিকার কারো নেই।
নেতৃবৃন্দ ঘটনাটি নিরপেক্ষ ও দ্রুত তদন্ত করে হামলার সাথে জড়িত প্রত্যেক ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। একইসাথে দেশের সব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করারও আহ্বান জানান।



