দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরো সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৪৯৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত হয়েছে। শুক্রবার (৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, একদিনে হাম ও উপসর্গে ঢাকা বিভাগে দুইজন, সিলেট বিভাগে তিনজন, খুলনা বিভাগে একজন এবং বরিশাল বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ২৮২ জনের হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি আরো ১ হাজার ২১২ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশে মোট ৪৬ হাজার ৭১০ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। একই সময়ে ৬ হাজার ৪৯০ জনের হাম শনাক্ত হয়েছে।
এ ছাড়া এ সময়ের মধ্যে হাম ও উপসর্গ নিয়ে মোট ৩২ হাজার ৮৬২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ১৫২ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।



