স্থানীয় সরকারমন্ত্রী

সীমিত সম্পদ দিয়ে হলেও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে

আমাদের স্বাস্থ্যসেবার মান আগের চেয়ে উন্নত হচ্ছে। সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট দায়িত্বে যারা রয়েছেন তাদের বলব, নিজেদের সীমিত সম্পদ দিয়ে হলেও সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।

রাফিক সরকার, ঠাকুরগাঁও
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর |নয়া দিগন্ত

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমাদের স্বাস্থ্যসেবার মান আগের চেয়ে উন্নত হচ্ছে। সিভিল সার্জন এবং সংশ্লিষ্ট দায়িত্বে যারা রয়েছেন তাদের বলব, নিজেদের সীমিত সম্পদ দিয়ে হলেও সাধারণ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হবে।

রোববার সকালে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ঠাকুরগাওয়ে মেডিক্যাল কলেজ স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ পরিদর্শন করে শহরের দু’টি জায়গা প্রাথিমকভাবে নির্ধারণ করা হয়েছে। খুব শিগগিরই কাজ শুরু হবে।

তিনি বলেন, হাসপাতাল পরিচ্ছন্ন রাখার জন্য এবং স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তত্ত্বাবধায়ক সেগুলোর চাহিদা প্রেরণ করলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও রোগী ও স্বজনদের চলাচলের জন্য একটি লিফট জেলা প্রশাসন পক্ষ থেকে ব্যবস্থা করে দেয়া হবে।

ঠাকুরগাঁও সদর হাসপাতাল ও জেলার সার্বিক স্বাস্থ্য সেবার বিষয়ে তিনি বলেন, ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করা হবে, যেন এখানকার সব মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হতে পারে।

নীতিমালায় রয়েছে একজন ডাক্তার একই কর্মস্থলে তিন বছরের বেশি কর্মরত থাকতে পারবে না, কিন্তু হাসপাতালগুলোতে পাঁচ থেকে সাত বছর ধরে ডাক্তাররা কর্মরত রয়েছেন সাংবাদিকদের- এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, বিষয়টি আমরা দেখব। দায়িত্ব গ্রহণের কেবল ১০-১২ দিন হলো, আস্তে আস্তে সব ঠিক করা হবে।

এ সময় মির্জা ফখরুলের সাথে আরো ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, সদর হাপতালের তত্ত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েলসহ অন্যান্য কর্মকর্তাগণ।