বাজেটে স্বাস্থ্যখাতে দ্বিগুণ বরাদ্দে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাল ড্যাব

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা: মো: আবুল কেনান ও মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল এ কৃতজ্ঞতা জানান।

নিজস্ব প্রতিবেদক

স্বাস্থ্যখাতে আগের বছরের দ্বিগুণ বরাদ্দ প্রদান করায় প্রধানমন্ত্রী তারেক রহমান, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ও স্বাস্থ্যমন্ত্রী সরদার মো: সাখাওয়াত হোসেনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ডা: মো: আবুল কেনান ও মহাসচিব ডা: মো: জহিরুল ইসলাম শাকিল এ কৃতজ্ঞতা জানান।

বিবৃতিতে ড্যাব নেতৃদ্বয় বলেন, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যখাতে ৬৯ হাজার ৪০৯ কোটি টাকা (জিডিপির ১.১ শতাংশ) বরাদ্দের ঘোষণাকে দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং জনগণের স্বাস্থ্যসেবা প্রাপ্তির মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ।

তারা বলেন, গত ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে স্বাস্থ্যখাতে বরাদ্দ ছিল ৩৫ হাজার ৪৭৭ কোটি টাকা। এবারের বাজেটে স্বাস্থ্যখাতে পূর্ববর্তী বছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় দ্বিগুণ বরাদ্দ প্রদান প্রমাণ করে বর্তমান সরকার জনগণের স্বাস্থ্যসেবার মান উন্নয়নকে রাষ্ট্র পরিচালনার কেন্দ্রবিন্দুতে স্থান দিয়েছে।

ড্যাব নেতৃদ্বয় আরো বলেন যে, উন্নত স্বাস্থ্যব্যবস্থা, রাষ্ট্র সংস্কার, মানবসম্পদ উন্নয়ন এবং কল্যাণমুখী অর্থনৈতিক ব্যবস্থাপনার যে অঙ্গীকার বিএনপি দীর্ঘদিন ধরে জনগণের সামনে তুলে ধরেছিল, স্বাস্থ্যখাতে এই অভূতপূর্ব বিনিয়োগ বিএনপির সেই জনকল্যাণমুখী রাজনৈতিক দর্শনেরই বাস্তব প্রতিফলন। একটি মানবিক ও উন্নত রাষ্ট্র বিনির্মাণে স্বাস্থ্যসেবাখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার যে দৃষ্টান্ত বর্তমান সরকার প্রদর্শন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

ড্যাব নেতৃবৃন্দ বলেন, স্বাস্থ্যখাতের এই বরাদ্দ সর্বজনীন স্বাস্থ্যসেবা (ইউএইচসি) শক্তিশালী করবে এবং সরকারি হাসপাতালগুলোর অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক চিকিৎসা প্রযুক্তির সম্প্রসারণ, জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিতকরণ, পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ, চিকিৎসা শিক্ষা ও গবেষণার উন্নয়ন এবং সর্বোপরি সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার প্রাপ্তির মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে বলে নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করেছেন।