দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ৮৭৭টি শিশু।
আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৪৭৭টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরো ৮৮টি শিশু মারা গেছে। হাম ও হামের উপসর্গ নিয়ে এই সময়ে মোট ৫৬৫টি শিশুর মৃত্যু হয়েছে।
এছাড়া, ২৪ ঘণ্টায় ৫১টি শিশু হামে আক্রান্ত হয়েছে আর হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮২৬। এই সময়ে ৭২৫টি শিশু নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে এক হাজার ২৩টি শিশু।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৬৭ হাজার ৯০৫ আর নিশ্চিত হাম রোগীর সংখ্যা আট হাজার ৮৮৫। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৫৪ হাজার ১৮৮ রোগী, যাদের মধ্যে ৫০ হাজার ৯২৬ জন ছাড়পত্র পেয়ে ইতোমধ্যে বাড়ি ফিরেছে।
সূত্র : ইউএনবি



