মালদ্বীপের থিলাফুশি আইল্যান্ডের ল্যান্ডফিলে কর্মরত অবস্থায় ২৪ বছর বয়সী আমিন মিয়া নামের এক প্রবাসী বাংলাদেশির মর্মান্তিক মৃত্যুর ঘটনায়, গ্রেফতার হওয়া ৩২ বছর বয়সী শ্রীলঙ্কান নাগরিক হেশান মাদুরাঙ্গা দিশানায়ক মেনিকার দশদিনের রিমান্ড শেষে,আরো ৪৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন দেশটির স্থানীয় আদালত।
বুধবার (১৮,ফেব্রুয়ারি) হেশান মাদুরাঙ্গাকে আদালতে হাজির করা হলে,তার বিরুদ্ধে আনা স্থানীয় প্রশাসনের সকল অভিযোগ আমলে নিয়ে বিচারক এই আদেশ দিয়েছেন।
দেশটির প্রশাসনের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম জানায়, ৩২ বছর বয়সী হেশান মাদুরাঙ্গা দিশানায়ক মেনিকা যিনিই মৃত্যুর কারণ খননকারী যন্ত্রটি (এক্সক্যাভেটর) পরিচালনা করেছিলেন, তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আদালতের আদেশে গ্রেফতার করা হয়েছে।
প্রশাসনের ধারণা, গত (২৬, জানুয়ারি) থিলাফুশি আইল্যান্ডের (যেখানে তিনি কাজ করতেন) ল্যান্ডফিলে খননকারী যন্ত্রের (এক্সক্যাভেটর) আঘাতে মৃত্যু হয়েছে ২৪ বছর বয়সী প্রবাসী বাংলাদেশী আমিন মিয়ার।
প্রবাসী আমিন মিয়ার মৃত্যুর রহস্য উদঘাটন বা বিচার চলাকালীন সময়ে খননকারী যন্ত্র পরিচালনা করা শ্রীলঙ্কান নাগরিক হেশানকে আটক রাখতে চেয়েছিল স্থানীয় প্রশাসন।কিন্তু বিচারক তার বিরুদ্ধে আনা অভিযোগের উপর ভিত্তি করে রিমান্ড বাড়িয়ে আরো ৪৫দিন মঞ্জুর করেন।
প্রতিবেদনেটিতে আরো বলা হয়, সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে আমিন মিয়ার মাথায় খননকারী যন্ত্র দিয়ে একের পর এক আঘাত করা হচ্ছে,কিন্তু হেশান খননকারী যন্ত্রটি বন্ধ না করে ক্রমান্বয়ে চালিয়ে যাচ্ছিলেন। এতে প্রমাণিত হয় যে, হেশান খননকারী যন্ত্রটি ভুলভাবে পরিচালনা করার কারণে আমিন মিয়ার মৃত্যু হয়, এজন্য হেশানের বিরুদ্ধে হত্যার অভিযোগ উপস্থাপন করেছেন প্রশাসন।
এছাড়াও প্রত্যক্ষদর্শীর সাক্ষ্যের ভিত্তিতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, একই প্রতিষ্ঠানে অবৈধভাবে কর্মরত ছিলেন শ্রীলঙ্কান নাগরিক হেশান। যে দিন বাংলাদেশি আমিন মিয়ার মৃত্যু হয়, সে দিনই মালদ্বীপ থেকে পালানোর চেষ্টা করেছিল হেশান।
তবে ঘটনাটি ঘিরে মালদ্বীপে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে গভীর উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং তদন্ত কার্যক্রম এখনো চলমান।
উল্লেখ্য, মালদ্বীপে দু’দিন ধরে কর্মস্থল থেকে নিখোঁজ ছিলেন ২৪ বছর বয়সী প্রবাসী বাংলাদেশী আমিন মিয়া। পরে বুধবার (২৮, জানুয়ারি) রাতে দেশটির থিলাফুশি আইল্যান্ডে (যেখানে তিনি কাজ করতেন) ময়লার স্তূপ থেকে তার লাশ উদ্ধার করে স্থানীয় প্রশাসন।
এ ঘটনায় এক প্রবাসী শ্রীলঙ্কান নাগরিককে গ্রেফতার করেছে স্থানীয় প্রশাসন, প্রথমে তাকে রিমান্ড দিয়েছে ৭দিন, পরে বাড়িয়ে ১০দিন করে স্থানীয় আদালত। মরহুম আমিন মিয়া মালদ্বীপের ওয়েস্ট ম্যানেজমেন্ট করপোরেশনে (ওয়ামকো) গত ৬ মাস বৈধভাবে কর্মরত ছিলেন।



