মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন

অনুষ্ঠানে জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

ওমর ফারুক, মালদ্বীপ

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ চ্যান্সারি ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ এবং আহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইকমিশনের প্রথম সচিব মো. মোতাছেম বিল্লাহ।

দিবসের শুরুতে হাইকমিশনের সম্মেলনকক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনানো হয়। এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানের পটভূমি, আত্মত্যাগ ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে ‘আঁধার পেরিয়ে’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাইকমিশনের তৃতীয় সচিব সৈয়দ আমজাদ আলী, বিএনপির মালদ্বীপ শাখার সভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন, হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারী, প্রবাসী বাংলাদেশি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা।

আলোচনা সভা শেষে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রুহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।