জুলাই সনদ বাস্তবায়নে প্যারিসে বাংলাদেশী নাগরিক পরিষদের আলোচনা সভা

সভায় বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের বিষয়গুলো কার্যকর করা এবং গণভোটের রায় বাস্তবায়ন জরুরি।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর
সভাপতির বক্তব্য রাখছেন বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর |নয়া দিগন্ত

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবি এবং ঐতিহাসিক জুলাই বিপ্লবের দুই বছর পূর্তি উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে প্যারিসের একটি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্সের সভাপতি আবুল খায়ের লস্কর। এতে ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশী নাগরিক, সাংবাদিক, সমাজকর্মী, আইনজীবী এবং বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ইব্রাহিম ভূঁইয়া এবং কার্যকরী সদস্য শহিদুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ গণতান্ত্রিক পার্টির (বাগপা) চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, ‘জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ ভূমিকা নিশ্চিত করা সময়ের দাবি।’

এ ছাড়া বক্তব্য দেন ফ্রান্স-বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (এফবিজেএ) সদস্য সাংবাদিক সরদার হাসান ইলিয়াস (তানিম), অ্যাক্টিভিস্ট মীর জাহান, এইড পয়েন্টের পরিচালক ফয়সাল আহমেদ, সাংবাদিক অনুক্ত কামরুল, অ্যাক্টিভিস্ট খালেদ মাহমুদ, বাংলাদেশী নাগরিক পরিষদ, ফ্রান্সের কার্যকরী পরিষদের সদস্য জিয়াউদ্দিন চৌধুরী, মহাকাশ গবেষক ইকরামুল কবির, ফাহিম মাহমুদ, আদাফ-এর স্বত্বাধিকারী তানভীর ওয়াদুদ, কাজী শাহীন ও মো: জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, জুলাই বিপ্লবের মূল চেতনা ছিল একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। সেই লক্ষ্য বাস্তবায়নে জুলাই সনদের বিষয়গুলো কার্যকর করা এবং গণভোটের রায় বাস্তবায়ন জরুরি।

তারা বলেন, জনগণের মতামতের ভিত্তিতে রাষ্ট্রীয় সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার নিশ্চিত করার মাধ্যমেই একটি শক্তিশালী ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

বক্তারা আরো বলেন, প্রবাসী বাংলাদেশীরা দেশের বিভিন্ন সঙ্কট ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও দেশের উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ এবং জাতীয় স্বার্থে প্রবাসীদের ঐক্যবদ্ধ ভূমিকা অব্যাহত থাকবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মেহরাব হোসেন, দিদার আলমসহ ফ্রান্সপ্রবাসী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশী নাগরিক।

সভাপতির বক্তব্যে আবুল খায়ের লস্কর বলেন, ‘দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’

তিনি অনুষ্ঠানে উপস্থিত অতিথি, বক্তা ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান।