মালদ্বীপের রাজধানী মালের মাফান্নু ওয়ার্ডে একটি বহুতল ভবনের ছাদ থেকে পড়ে হানজালা (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মালের সবধেলি মাগু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় প্রশাসন ও গণমাধ্যম সূত্রে জানা যায়, আহত হানজালাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। তবে চিকিৎসকরা এখনো বিস্তারিত কিছু জানাননি।
প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, হানজালা প্রায় সাত থেকে আট মাস আগে মালদ্বীপে যান এবং একটি পরিচ্ছন্নতা সেবাদানকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ঘটনার দিন তিনি ভবনের ছাদে গাছে পানি দিচ্ছিলেন। এ সময় গাছের সুরক্ষার জন্য দড়ি বাঁধতে গিয়ে হঠাৎ পা পিছলে পাশের একটি ভবনের টিনের ছাদে পড়ে যান। পরে টিন ভেঙে নিচে একটি কক্ষের ভেতরে থাকা সোফার ওপর গিয়ে পড়েন।
স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকারী দল দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহতের স্বজনরা জানান, হানজালার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তার পরিবারের আর্থিক অবস্থাও দুর্বল। তারা বাংলাদেশ হাইকমিশন ও সরকারের কাছে তার চিকিৎসা ব্যয় বহন এবং দেশে ফেরত পাঠানোর সহযোগিতা কামনা করেছেন।
এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের কল্যাণ সহকারী আল মামুন পাঠান বলেন, তারা হাসপাতালে গিয়ে আহতের খোঁজখবর নিয়েছেন এবং চিকিৎসকদের সাথে কথা বলেছেন। চিকিৎসকদের মতে, তার অবস্থা সঙ্কটাপন্ন। হাইকমিশন কর্তৃপক্ষ চিকিৎসা সংক্রান্ত বিষয়ে হাসপাতালের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
ঘটনাটি বর্তমানে মালদ্বীপ প্রশাসনের তদন্তাধীন রয়েছে।



