মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশী নিহত

ভোরে সাহরি খাওয়ার জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় লেবার কোয়ার্টারে থাকা ৩৮ জন প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সাতজন গুরুতর অগ্নিদগ্ধ হন।

ওমর ফারুক, মালদ্বীপ
লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ |নয়া দিগন্ত

মালদ্বীপের ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কোম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচ বাংলাদেশী প্রবাসী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো দুইজন।

শুক্রবার (১৩ মার্চ) ভোরে মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো: সোহেল পারভেজ এ তথ্য নিশ্চিত করেন।

অগ্নিদ্বগ্ধে নিহতরা হলেন— তাজ উদ্দিন ইসলাম, মো: সদর আলী, মো: রবিন মোল্লা, সফিকুল ইসলাম ও মো: নূরনবী সরকার। বাকি আহত দুই বাংলাদেশী জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় গণমাধ্যম থেকে জানা যায়, ভোরে সাহরি খাওয়ার জন্য রান্না করতে গেলে হঠাৎ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় লেবার কোয়ার্টারে থাকা ৩৮ জন প্রবাসী বাংলাদেশীদের মধ্যে সাতজন গুরুতর অগ্নিদগ্ধ হন।

স্থানীয় নাগরিক এবং ফায়ার সার্ভিসের সহায়তায় বাকিদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিংসাধীন অবস্থায় পাঁচ প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়। বাকি দুইজন প্রবাসী অবস্থা গুরুতর হওয়ায় রাজধানী মালে স্থানান্তর করা হয়। তাদের অবস্থাও আশংকাজনক।

এ বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের শ্রম কাউন্সিলর মো: সোহেল পারভেজ বলেন, ‘আমাদের পাঁচজন প্রবাসী ভাইকে হারিয়ে আমরা খুবই মর্মাহত। আহত দু’জনের মধ্যে একজনকে আইসিইউতে এবং অপরজনকে ইমার্জেন্সি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।’

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে খোঁজখবর নিতে বর্তমানে হাইকমিশনের একটি প্রতিনিধি দল ওই দ্বীপে অবস্থান করছেন। একইসাথে যারা এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হয়েছেন তাদের লাশ দ্রুত পরিবারের কাছে পাঠানোর উদ্যোগ নেয়া হচ্ছে।’

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন জানায়, এ মর্মান্তিক দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রশাসনের একটি বিশেষ টিম অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলে লেবার কোয়ার্টারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তারা।