নিখোঁজের ২৭ বছর পর দেশে ফিরলেন প্রবাসী বাংলাদেশী

১৯৯৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। প্রবাস জীবনের শুরুতে প্রথম তিন বছর পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী ২৭ বছর তার কোনো খোঁজ পায়নি পরিবার।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
বিমানবন্দরে প্রবাসী আমির হোসেন তালুকদার
বিমানবন্দরে প্রবাসী আমির হোসেন তালুকদার |নয়া দিগন্ত

দীর্ঘ ২৭ বছর নিখোঁজ থাকার পর অবশেষে পরিবারের কাছে ফিরলেন শরিয়তপুরের নড়িয়া উপজেলার প্রবাসী আমির হোসেন তালুকদার (৬২)।

বুধবার (২২ এপ্রিল) রাতে বাতিক এয়ারের একটি ফ্লাইটে করে মালয়েশিয়া থেকে ঢাকায় পৌঁছান তিনি।

প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম ও পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে‌। ২৭ বছর পর বাবাকে পেয়ে ছেলে বাবু তালুকদারসহ পরিবারের সদস্যদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এরপর ব্র্যাক তাকে শরীয়তপুরে বাড়িতে পৌঁছে দেয়ার ব্যবস্থা করে।

পরিবারের সদস্যদের বরাতে ব্র্যাক জানিয়েছে, ১৯৯৬ সালে জীবিকার সন্ধানে মালয়েশিয়ায় পাড়ি জমান আমির হোসেন। প্রবাস জীবনের শুরুতে প্রথম তিন বছর পরিবারের সাথে নিয়মিত যোগাযোগ থাকলেও পরবর্তী ২৭ বছর তার কোনো খোঁজ পায়নি পরিবার। সময়ের সাথে সাথে স্বজনরা ধরে নিয়েছিলেন, হয়তো তিনি আর বেঁচে নেই।

ব্র্যাক বলছে, সম্প্রতি মালয়েশিয়া প্রবাসী কয়েকজন বাংলাদেশী পেনাংয়ের একটি জঙ্গলে গিয়ে একটা ছোট্ট টিনের ঘরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় তাকে দেখতে পান। সেখান থেকে তারা তাকে উদ্ধার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করেন।

বিশেষ করে প্রবাসী বাপ্পি কুমার দাস ও পেনাং প্রবাসী দিপুর প্রচেষ্টায় দূতাবাসের লেবার কাউন্সিলদের সহযোগিতায় প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করা হয়। যাচাই-বাছাই শেষে মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস তাকে ট্রাভেল পাস প্রদান করে দেশে ফেরার ব্যবস্থা করে। পরিবার ২৭ বছর পরে তাকে জীবিত কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে।