মালয়েশিয়ায় পাচার হয়ে ডোবার মাছ লতা পাতা খেয়ে বাঁচার চেষ্টা ৩ বাংলাদেশীর, গ্রেফতার নিয়োগকর্তা

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে মানবপাচারকারীদের কবল থেকে বাংলাদেশের তিন নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় পাচার হওয়া ৩ বাংলাদেশীর নিয়োগকর্তা গ্রেফতার
মালয়েশিয়ায় পাচার হওয়া ৩ বাংলাদেশীর নিয়োগকর্তা গ্রেফতার |নয়া দিগন্ত

মালয়েশিয়ার তেরেঙ্গানু রাজ্যে মানবপাচারকারীদের কবল থেকে বাংলাদেশের তিন নাগরিককে উদ্ধার করেছে দেশটির পুলিশ। সমৃপ্রতি হুলু তেরেঙ্গানু জেলার একটি নির্মাণাধীন এলাকায় বিশেষ অভিযানে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় স্থানীয় এক নিয়োগ কর্তাকে গ্রেফতার করেছে পুলিশ।

হুলু তেরেঙ্গানু জেলা পুলিশ প্রধান সুপারিটেনডেন্ট শারুদিন আব্দুল ওয়াহাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার বিকেল সাড়ে ৪টার দিকে তেরেঙ্গানু জেলা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ এই অভিযান পরিচালনা করে। উদ্ধার তিন বাংলাদেশীর বয়স ২৯ থেকে ৪৪ বছরের মধ্যে।

পুলিশি তদন্তে উঠে এসেছে কিছু রোমহর্ষক তথ্য, যেখানে বিনা বেতনে গত পাঁচ মাস ধরে ওই তিন প্রবাসীকে দিয়ে কাজ করানো হলেও তাদের কোনো বেতন দেয়া হয়নি। টাকা না থাকায় পেটের দায়ে তারা স্থানীয় তাসিক কেনিয়ার লেক থেকে মাছ ধরে এবং জঙ্গল থেকে কুড়িয়ে আনা ফলমূল ও লতাপাতা খেয়ে বেঁচে ছিলেন বলে জানা গেছে।

অভিযুক্ত নিয়োগকর্তা তাদের পাসপোর্ট ও কাজের পারমিট জব্দ করে নিয়েছিলেন এবং তাদের জন্য কোনো উন্নত আবাসন ব্যবস্থাও নিশ্চিত করেননি।

এই ঘটনায় ৪৬ বছর বয়সী এক মালয়েশীয় নিয়োগকর্তাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। ধারণা করা হচ্ছে, তিনি জোরপূর্বক এই বাংলাদেশীদের কাজে বাধ্য করেছিলেন।