মালদ্বীপ সরকারকে বাংলাদেশী আম উপহার

মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষ এবং বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, শুভেচ্ছা ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে বাংলাদেশ সরকার মালদ্বীপ সরকারের নিকট প্রিমিয়াম মানের মৌসুমি বাংলাদেশী আম উপহার দিয়েছে।

ওমর ফারুক, মালদ্বীপ
বাংলাদেশি আম উপহার
বাংলাদেশি আম উপহার |নয়া দিগন্ত

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, শুভেচ্ছা ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে, মালদ্বীপ সরকারকে বাংলাদেশী প্রিমিয়াম মানের মৌসুমি আম উপহার দিয়েছে বাংলাদেশ সরকার।

বুধবার (২৯ জুলাই) মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-প্রধান প্রটোকল কর্মকর্তা (ডেপুটি চিফ অব প্রটোকল) বাদুরা সাঈদের নিকট আনুষ্ঠানিকভাবে এই উপহার হস্তান্তর করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড. মোহাম্মদ নাজমুল ইসলাম।

হাইক‌মিশন জানায়, বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্ব, শুভেচ্ছা ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কের প্রতীক হিসেবে বাংলাদেশ সরকার মালদ্বীপ সরকারের নিকট প্রিমিয়াম মানের মৌসুমি বাংলাদেশী আম উপহার দিয়েছে। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তুলতেই এই শুভেচ্ছা উপহার দেয়া হয়।

হাইক‌মিশন আরো জানায়, বাংলাদেশের সুস্বাদু ও বিশ্বখ্যাত মৌসুমি আম উপহার প্রদান দুই দেশের মধ্যকার গভীর বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ, আন্তরিকতা এবং জনগণের সাথে জনগণের নিবিড় সম্পর্কের এক উজ্জ্বল প্রতীক। একইসাথে এটি বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার ক্রমবর্ধমান সহযোগিতা, শুভেচ্ছা, পারস্পরিক আস্থা এবং সাংস্কৃতিক সম্প্রীতিরও বহিঃপ্রকাশ।

এই শুভেচ্ছা উপহার মালদ্বীপ প্রজাতন্ত্রের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের সরকারের আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। পাশাপাশি এটি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সরকারি সফরকে স্মরণীয় করে তোলার একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক উদ্যোগ।

বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে বর্তমানে কূটনীতি, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শ্রম ও জনশক্তি, প্রতিরক্ষা সহযোগিতা, পর্যটন এবং জনগণের সাথে জনগণের যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ ও বহুমাত্রিক সহযোগিতা বিদ্যমান রয়েছে। এই সম্পর্ক আগামী দিনে আরো সম্প্রসারিত ও সুদৃঢ় হবে বলে উভয় দেশ দৃঢ়ভাবে প্রত্যাশা করে।

এই আন্তরিক উদ্যোগ দুই বন্ধুপ্রতিম দেশের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও দৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্কের আরেকটি উজ্জ্বল প্রতিফলন।