শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মরণে এবং বিএনপির সাবেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যায় রাজধানী মালের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি অভিজাত রেস্তোরাঁয় এ আয়োজন করেন বিএনপি মালদ্বীপ শাখার নেতাকর্মীরা।
মালদ্বীপ বিএনপির সভাপতি মো: খলিলুর রহমানের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক রবিউল আলমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, প্রবাসী অধিকার পরিষদ মালদ্বীপ শাখার সভাপতি মো: আলমগীর শিকদার, এনবিএল মানি ট্রান্সফার মালদ্বীপ প্রাইভেট লিমিটেডের সিইও মাসুদুর রহমান, মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো: ফারুক হোসেন, সহ-সভাপতি হোসেন সুমন, বাবুল হোসেন, মোহাম্মদ ফারুক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।
ইফতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, মালদ্বীপ বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ গণমাধ্যমের প্রতিনিধি ও অসংখ্য প্রবাসী বাংলাদেশী।
ইফতার-পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান বলেন, ‘নবনির্বাচিত বাংলাদেশ সরকার বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা ও খাল খননসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে। এ ইতিবাচক ধারাবাহিকতায় কাজ চালিয়ে যেতে পারলে তারেক রহমান অন্য যেকোনো প্রধানমন্ত্রীর চেয়ে সফল হবেন।’
শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনা করার পাশাপাশি নবনির্বাচিত বাংলাদেশ সরকারের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করেন সংগঠনটির ধর্মবিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ।



