মালয়েশিয়ার সামাজিক রীতি অনুযায়ী ঈদের দিন থেকে পরবর্তী এক মাস পর্যন্ত নানা অনুষ্ঠান ও আতশবাজি পুড়িয়ে ঈদ পুনর্মিলনী উদযাপন করা হয়। দেশটিতে বাংলাদেশী প্রবাসী যারা পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারেন না তারাসহ স্থানীয় গণ্যমান্য মালয়েশিয়ান নাগরিকদের নিয়ে রোববার মালয়েশিয়ার শাহআলম রাজ্যের সেতিয়া আলমে বাংলাদেশ কমিউনিটির নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী দাতু আক্তার ও তার মালয়েশিয়ান পরিবারের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
এসময় মালয়েশিয়া বাংলাদেশী ট্রেডিশনাল ফুড ও গান পরিবেশনায় এক মিলনমেলায় পরিণত হয়। আতশবাজির ঝলকানিতে চারদিকে আলোকিত হয়ে উঠে।
এই ঈদ পুনর্মিলনীতে অংশ নিয়েছেন, যারা সাধারণত কর্মস্থলে বা অন্য কোনো কারণে ঈদ উদযাপনের আনন্দ উপভোগ করতে পারেন না। আরো অংশ নেন মালয়েশিয়ার সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি-বেসরকারি কর্মকর্তা, পুলিশ প্রশাসন, দাতো শ্রী, তান শ্রী, ব্যবসায়ী, শিল্পপতি ও মালয় নাগরিকসহ বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ।
ব্যতিক্রমী এ উদ্যোগ শুধু ধর্মীয় মূল্যবোধেরই প্রকাশ নয়, এই ধরনের পদক্ষেপ নিয়োগকর্তা-কর্মী সম্পর্ককে আরো সুদৃঢ় করে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হয়। এবং এমন উদ্যোগ মালয়েশিয়ার অন্যান্য নিয়োগকর্তাদের জন্যও এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন অনুষ্ঠানে আগত অতিথিরা।



