বাংলাদেশ ফোরাম মালদ্বীপের ইফতার মাহফিল

প্রবাস জীবনে এ ধরনের আয়োজন বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।

ওমর ফারুক, মালদ্বীপ
ইফতার মাহফিল
ইফতার মাহফিল |নয়া দিগন্ত

পবিত্র মাহে রমজান উপলক্ষে মালদ্বীপ প্রবাসী বাংলাদেশী ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপ।এ ইফতার অনুষ্ঠানে অংশ নেন সংগঠনটির বিপুল সংখ্যক কর্মীসমর্থক ও বাংলাদেশ হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তা, বিএনপির মালদ্বীপ শাখার সিনিয়র নেতৃবৃন্দ, প্রবাসী অধিকার পরিষদের নেতাকর্মীরাসহ বিভিন্ন সামাজিক সংগঠন ও গণমাধ্যমের প্রতিনিধিরা।

শনিবার (১৪ মার্চ) সংগঠনটির বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি মালদ্বীপ শাখার সভাপতি মো: খলিলুর রহমান।

শুক্রবার রাজধানী মালের গিয়াস উদ্দিন ইন্টারন্যাশনাল স্কুল অডিটোরিয়াম ও শনিবার সী-বিল্ডিং এর হলরুমে, দুইদিনব্যাপী এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজনে ছিলেন সেন্ট্রাল কমিটির পাশাপাশি সংগঠনটির মালে মহানগর পশ্চিম শাখার কর্মীসমর্থকরা। এ দুই ইফতার অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন বাংলাদেশ ফোরাম মালদ্বীপের সভাপতি ডা: এইচ এম সোহেল। এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক মো: সাজ্জাদ হোসেন।

ইফতারের আগে পবিত্র কোরআন তেলাওয়াত করার পাশাপাশি রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এরপর সংক্ষিপ্ত আলোচনায় আমন্ত্রিত অতিথিরা বলেন, প্রবাস জীবনে এ ধরনের আয়োজন বাংলাদেশীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরো সুদৃঢ় করবে।

এছাড়াও মুসলিম উম্মাহ আজ বিশ্বের নানা প্রান্তে নানাবিধ সঙ্কটের মুখোমুখি। তাই পবিত্র রমজান মাসে সবাইকে মানবিকতা, সহমর্মিতা ও শান্তির বার্তা ছড়িয়ে দেয়ার আহ্বান জানান বক্তারা।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।