মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশীর মানবেতর জীবনযাপন ; তদন্তে শ্রম মন্ত্রনালয়

মালয়েশিয়ায় এসস্টার ভিশন নামে একটি নির্মাণ ও ইঞ্জিনিয়ারিং কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশী ৮৫ জন শ্রমিককে ৬ মাস ধরে বেতন না দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশীর মানবেতর জীবনযাপন ; তদন্তে শ্রম মন্ত্রনালয়
মালয়েশিয়ায় ৮৫ বাংলাদেশীর মানবেতর জীবনযাপন ; তদন্তে শ্রম মন্ত্রনালয় |নয়া দিগন্ত

মালয়েশিয়ায় এসস্টার ভিশন নামে একটি নির্মাণ ও ইঞ্জিনিয়ারিং কোম্পানির বিরুদ্ধে বাংলাদেশী ৮৫ জন শ্রমিককে ৬ মাস ধরে বেতন না দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এমনকি গত জানুয়ারি মাসের শেষ দিক থেকে কোম্পানি খাবার সরবরাহও বন্ধ করে দিয়েছে। পবিত্র রমজান মাসে পরিস্থিতি আরো কঠিন হয়ে উঠেছে। এতে তারা মানবেতর জীবনযাপন করছে।

শ্রমিকদের ভাষ্য অনুযায়ী, বর্তমানে স্থানীয় কিছু বাংলাদেশীর দেয়া যাকাত ও সহায়তার খাবারের ওপর নির্ভর করে কোনোভাবে দিন পার করছেন তারা। অনেক সময় শুধু পানি দিয়ে ইফতার করতে হচ্ছে এবং আগের দিনের বাসি খাবার দিয়ে সেহরি সারতে হচ্ছে।

অভিযোগের বিষয়ে এসস্টার ভিশন সেনডিরিয়ান বারহাদ কোম্পানির মুখপাত্র ল ইয়িক হুই বলেন, ‘শ্রমিকদের অভিযোগ শ্রম মন্ত্রনালয়ের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে পাশাপাশি শ্রমিকদের খাবারের ব্যবস্থা এবং কিছু আর্থিক সহায়তা দেয়া হচ্ছে।’

তবে শ্রমিকরা এই দাবি সম্পূর্ণ অস্বীকার করেছেন। শ্রমিকরা দ্রুত বকেয়া বেতন পরিশোধ এবং ‘রিলিজ লেটার’ দেয়ার দাবি জানিয়েছেন, যাতে তারা অন্যত্র কাজের সুযোগ খুঁজে নিতে পারেন। বিদেশে আসার জন্য নেয়া ঋণ এবং দেশে পরিবারের খরচের চাপের কারণে তারা বর্তমানে চরম অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে রয়েছেন।

মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের সংশ্লিষ্ট বিভাগ জানিয়েছেন, আমরা অভিযোগ পেয়ে ওই কোম্পানির সাথে দফায় দফায় বৈঠক করে কর্মীদের বেতন পরিশোধের জন্য দাবি জানিয়েছি। যদিও দেশটির শ্রম আদালতে এ বিষয়ে ১৪টি মামলা শ্রমিকরা দায়ের করেছেন প্রায় কোটি টাকা বকেয়া বেতন পরিশোধ করার জন্য।

মালয়েশিয়ার মানবসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ জাবাতান তেনাগা কেরজা সেমনাঞ্জুং মালয়েশিয়া (জেটিকেএসএম) এক বিবৃতিতে জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।