মালয়েশিয়ায় যথাযথ মর্যাদায় প্রবাসীদের পবিত্র ঈদুল ফিতর উদযাপন

পবিত্র সিয়াম সাধনার পর বিদেশের মাটিতে স্বজন ছাড়া সাদামাটা ভাবেই নিরানন্দ ঈদ উদযাপন করেছেন প্রবাসীরা। কিছু কিছু কোম্পানিতে প্রবাসীদের ঈদের দিনেও কাজ করতে দেখা গেছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
মালয়েশিয়ায় প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন
মালয়েশিয়ায় প্রবাসীদের ঈদুল ফিতর উদযাপন |নয়া দিগন্ত

ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালয়েশিয়ায় উদযাপিত হলো মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে প্রায় দেড় মিলিয়ন বাংলাদেশী প্রবাসীরাও এই ঈদ উৎসবে শরিক হয়েছেন। পবিত্র সিয়াম সাধনার পর বিদেশের মাটিতে স্বজন ছাড়া সাদামাটা ভাবেই নিরানন্দ ঈদ উদযাপন করেছেন প্রবাসীরা। কিছু কিছু কোম্পানিতে প্রবাসীদের ঈদের দিনেও কাজ করতে দেখা গেছে।

শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায় রাজধানী কুয়ালালামপুরে জাতীয় মসজিদ নেগারায় এবং প্রশাসনিক এলাকা পুত্রাজায়া মসজিদে দেশের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।

মসজিদ নেগারায় ঈদের নামাজে অংশ নেন দেশটির বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রবাসীরা। তবে বাংলাদেশীদের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়ালালামপুরের কোতারায়া বাংলা মসজিদ, তিতিংসা বায়তুল মোকাররম বাংলা মসজিদ ও হাং তুয়া আল বোখারী মসজিদে। এসব মসজিদে সরকারি নির্দেশনা অনুযায়ী জামাত অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশী বেশি হওয়ায় কোতারায়া বাংলা মসজিদে দু’টি জামাত অনুষ্ঠিত হয়েছে।

ঈদুল ফিতরের জামাতে শরিক হতে স্থানীয়দের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন প্রবাসীরাও। তবে প্রতিটি মসজিদেই বাংলাদেশী প্রবাসীদের উপস্থিতি ছিল বেশি। নামাজ শেষে একে অপরের সাথে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকে দেশে ফোন করে স্বজনদের সাথে কুশলাদি বিনিময় করেন। এছাড়াও বুকিট বিনতাং বাংলাদেশী মসজিদ, সুবাংজায়া বাংলাদেশী মসজিদ, শ্রীমুডা বাংলাদেশী মসজিদ, ক্লাং, পেনাং, সুঙ্গাইবুলু, পুচং, মালাক্কা, পেনাং, জহুরবারু প্রদেশের বাংলাদেশী অধ্যুষিত এলাকাগুলোতে হাজার হাজার প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।