প্রতি বছর প্রবাসে ঈদ আসে ত্যাগের মহিমা নিয়ে। তবে প্রবাসে কর্মরত অনেকেই নানা কারণে এই ঈদ আনন্দ থেকে বঞ্চিত হন। তাদেরকে নিয়ে মালয়েশিয়ার সুবাংজায়ার ইউএসজে এলাকায় এমআইটি মেশিনারি সেনডিরিয়ান বারহাদের স্বত্বাধিকারী দাতু মইন খান তার প্রতিষ্ঠানে কর্মরত প্রবাসী বাংলাদেশী কর্মী ও স্থানীয় মালয়েশিয়ানদের নিয়ে ঈদ পুনর্মিলনীর আয়োজন করেছেন।
যারা সাধারণত কর্মস্থলে বা অন্য কোনো কারণে ঈদ উদযাপনের আনন্দ উপভোগ করতে পারেন না, তারা এই ঈদ পুনর্মিলনীতে অংশ নেন। এতে মালয়েশিয়ার উচ্চ পদস্থ কর্মকর্তারা, দাতো, ব্যবসায়ী ও মালয় নাগরিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু ধর্মীয় মূল্যবোধেরই প্রকাশ নয়, এই ধরনের পদক্ষেপ নিয়োগকর্তা-কর্মী সম্পর্ককে আরো সুদৃঢ় করে এবং কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টিতে সহায়ক হবে।
এমন উদ্যোগ মালয়েশিয়ার অন্য নিয়োগকর্তাদের জন্যও এক অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলে মনে করছেন অনুষ্ঠানে আগত অতিথিরা।



