মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। প্রবাসের মাটিতে দেশীয় সংস্কৃতি ও হাজার বছরের ঐতিহ্য বাঙালিয়ানা তুলে ধরতে প্রবাসীদের এই আয়োজন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দিনব্যাপী বিদেশ ভ্রমণের পরামর্শদাতা প্রতিষ্ঠান ‘ওয়াইএন (YN) স্টাডি সলিউশন’-কুয়ালালামপুরের রেসিডেন্সিতে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
বাঙালি ঐতিহ্যবাহী পোশাক, র্যালি, লোকজ সংস্কৃতি ও গ্রামবাংলার খাবার পান্তা-ইলিশ, নানা রকম ভর্তার মধ্য দিয়ে নতুন বাংলা বছরকে স্বাগত জানান প্রবাসীরা। এ সময় লাল-সাদা ও রঙিন পোশাকে পরিবার-পরিজন নিয়ে প্রবাসীদের উপস্থিতি অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত করে তোলে।
এ সময় উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় ওয়াইএন স্টাডি সলিউশন-এর সিইও মোহাম্মদ ইয়াসিন টুটুল ও বিশেষ অতিথি এবাদতসহ গণমাধ্যমকর্মী, অ্যাজেন্ট, প্যারেন্টস ও গার্ডিয়ানরা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল দেশীয় ঐতিহ্যবাহী খাবার— পান্তা-ইলিশ, ফুচকা, ঝালমুড়ি, নারু, জিলাপি, সিঙ্গারা ও সমুচা। পাশাপাশি দেশীয় পোশাক ও অলঙ্কারের প্রদর্শনী দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে।
প্রবাসী ওয়াইএন স্টাডি সলিউশন-এর শিক্ষার্থীরা জানান, ভবিষ্যতেও আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশী সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরতে এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।



