৩ দিনের সফর শেষে মালদ্বীপ ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বহুপাক্ষিক ফোরামে একসাথে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

ওমর ফারুক, মালদ্বীপ
মালদ্বীপ ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
মালদ্বীপ ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান |নয়া দিগন্ত

মালদ্বীপের স্বাধীনতার ৬১তম বার্ষিকী উদযাপনে বিশেষ অতিথি হিসেবে এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম সরকারি সফর শেষ করে মালদ্বীপ ত্যাগ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। সফরে মালদ্বীপ ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার প্রচেষ্টাকে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (২৭ জুলাই) ঢাকার উদ্দেশ্যে মালদ্বীপ ত্যাগ করেন তিনি।

মালদ্বীপে অবস্থানকালে রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জুর সাথে সৌজন্য সাক্ষাৎ এবং পররাষ্ট্রমন্ত্রী ইরুতিশাম আদামের সাথে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ড. খলিলুর রহমান।এ বৈঠকে স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, পর্যটন, বাণিজ্য, বিনিয়োগ, শ্রম, যোগাযোগ এবং মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্নক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের ওপর আলোচনায় আলোকপাত করা হয়।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়েও মতবিনিময় করেন এবং বহুপাক্ষিক ফোরামে একসাথে কাজ করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন।

সফরের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. রহমান মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যার মধ্যে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আদামের আয়োজিত একটি কূটনৈতিক অভ্যর্থনা এবং দেশটির রিপাবলিক স্কোয়ারে অনুষ্ঠিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অন্যতম।

পরিবেশগত সহযোগিতার প্রতীকী নিদর্শন হিসেবে, পরাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান মালদ্বীপের ‘ফাইভ মিলিয়ন ট্রিজ প্রোগ্রাম’-এর অংশ হিসেবে রাজধানী মালের লোনুজিয়ারা পার্কে বৃক্ষরোপণ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ইরুথিশাম এবং পরিবেশমন্ত্রী আলী শরিফের সাথে যোগ দেন। এই অনুষ্ঠানটি জলবায়ু কার্যক্রম এবং পরিবেশগত স্থিতিশীলতার প্রতি উভয়দেশের যৌথ অঙ্গীকারকে প্রতিফলিত করে।

গত ১৭ ফেব্রুয়ারি ২০২৬-এ বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ড. খলিলুর রহমানের এটিই ছিল মালদ্বীপে প্রথম আনুষ্ঠানিক সফর এবং এই সফরের লক্ষ্য ছিল দক্ষিণ এশিয়ার এই দুটি দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন গতি প্রদান করা।

তিন দিনের রাষ্ট্রীয় এ সফরের শেষমুহুর্তে মালদ্বীপের ভেলানা আন্তর্জাতিক বিমানবন্দরে পরাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে বিদায় জানান দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ ফাহমি হাসান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।