ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো দেশের গুরুত্বপূর্ণ ও দ্বিতীয় বৃহত্তম শ্রমবাজার মালয়েশিয়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ ও ২২ জুন প্রধানমন্ত্রীর সম্ভাব্য ওই সফরকে ঘিরে উচ্ছ্বসিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা।
প্রবাসীরা বলছেন, এই সফরের মাধ্যমে দু’ দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। সফরে দীর্ঘ অমীমাংসিত সমস্যা ও অচলাবস্থা কাটিয়ে দুই বছর পর চালু হতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার ও লাখো অবৈধ অভিবাসীদের বৈধকরণ প্রক্রিয়া। প্রধানমন্ত্রীর এই সফর এই সময়ে অত্যন্ত গুরুত্ববহ হওয়ায় প্রত্যাশার বুক বেধেছে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীরা।
তারা আরো বলেন, ওই সফরে বাড়বে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, আমূল পরিবর্তন আসবে শ্রমবাজারে। আর এই বাজারে বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ পাবে কয়েক লাখ বাংলাদেশী। এর আগে ড. ইউনুস ও আসিফ নজরুলের সরকার দেশটি সফরে রুদ্ধদ্ধার বৈঠক করেও কলিং ভিসা ও অবৈধদের বৈধকরণ প্রক্রিয়া চালুকরণে কোনো সমাধানে আসতে পারেনি।
হাইকমিশন সূত্র বলছে, মালয়েশিয়া সরকারের আমন্ত্রণে প্রধানমন্ত্রী তারেক রহমানের দুই দিনের রাষ্ট্রীয় সফরকে ঘিরে ইতোমধ্যে আনোয়ার ইব্রাহিম সরকারের তরফ থেকে কুয়ালালামপুরের বাংলাদেশ মিশনে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। রাষ্ট্রীয় পর্যায়ে বৈঠকের পাশাপাশি প্রবাসীদের কথা শুনতে বাংলাদেশ কমিউনিটির সাথেও বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রীর।
প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরে শ্রমবাজারে দৃশ্যমান পরিবর্তন আসবে, কমবে অভিবাসন ব্যয় আর বাড়বে ব্যবসা-বানিজ্য ও বিনিয়োগ, এমনটাই প্রত্যাশা মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশীদের।



