আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর মেলায় মোবাইলের মাইক্রো চিপ ডিজাইনিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ

মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর মেলায় প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো মোবাইলের মাইক্রোচিপ ডিজাইন প্রযুক্তি প্রদর্শন করেছে।

আশরাফুল মামুন, মালয়েশিয়া
আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর মেলায় মোবাইলের মাইক্রো চিপ ডিজাইনিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ
আন্তর্জাতিক সেমিকন্ডাক্টর মেলায় মোবাইলের মাইক্রো চিপ ডিজাইনিংয়ে প্রথমবারের মতো বাংলাদেশের অংশগ্রহণ |নয়া দিগন্ত

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ৫ থেকে ৭ মে পর্যন্ত মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড এক্সিবিশন সেন্টারে ইলেকট্রনিক্স উৎপাদন ডিজাইনিং ও সেমিকন্ডাক্টর শিল্পের জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত ‘সেমিকন্ডাক্টর এসইএ ২০২৬’ মেলা অনুষ্ঠিত হয়েছে। তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়ার বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আব্দুল গনি। স্মাটফোনের জন্য বাংলাদেশে ডিজাইন করা মাইক্রো চিপ বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এ মেলাতে মুলত অংশগ্রহণ। বাংলাদেশে ডিজাইন করা এই চিপ বিশ্বের বিভিন্ন প্রযুক্তিখ্যাত দেশগুলো উৎপাদন করবে।

‘ট্রান্সফর্ম টুমরো’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত এবারের আসরে মালয়েশিয়া, সিঙ্গাপুর, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, চীন, জাপান, ভিয়েতনাম, ইউরোপীয় ইউনিয়ন, নেদারল্যান্ডস, পোল্যান্ডে পাশাপাশি বাংলাদেশ থেকে সাত শতাধিক প্রতিষ্ঠান অংশ নিয়েছে। বিশ্বব্যাপী সেমিকন্ডাক্টর খাতের নীতিনির্ধারক, উৎপাদক, সরবরাহকারী, গবেষক, বিনিয়োগকারী ও উদীয়মান প্রযুক্তি প্রতিভাদের একত্রিত করতে এই আয়োজন।

বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রফতানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহযোগিতায়, বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুরের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন ও দেশের তিনটি শীর্ষস্থানীয় চিপ ডিজাইন প্রতিষ্ঠান নিউরোল সেমিকন্ডাক্টর লিমিটেড, প্রাইমসিলিকন টেকনোলজি (বিডি) লিমিটেড ও সিলিকোনোভা লিমিটেড আন্তর্জাতিক বাজারে নিজেদের সক্ষমতা প্রদর্শন এবং নতুন অংশীদারিত্ব গড়ে তোলার লক্ষ্যে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে তাদের প্রযুক্তি ও সেবা প্রদর্শন করেছে।

এ মেলায় বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মোহাম্মদ আব্দুল জব্বারের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে।

প্রদর্শনীর দ্বিতীয় দিন ৬ মে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী বাংলাদেশ বুথসহ অন্যান্য বুথ পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন। দেশের সেমিকন্ডাক্টর শিল্পকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার এই অগ্রণী উদ্যোগ গ্রহণের জন্য বিএসআইএ ও অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে তিনি ধন্যবাদ জানান।

তিনি বলেন, ‘বাংলাদেশের সেমিকন্ডাক্টর শিল্প দ্রুত বিকাশ লাভ করছে এবং এই ধরনের প্ল্যাটফর্ম দেশের ক্রমবর্ধমান সেমিকন্ডাক্টর খাতের সক্ষমতা তুলে ধরার একটি সুযোগ যার মাধ্যমে আমাদের জন্য নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতার সুযোগ সৃষ্টি হতে পারে।’