বিনিয়োগ ও কর্মসংস্থানের প্রত্যয়ে ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের যাত্রা শুরু

শুক্রবার উত্তর প্যারিসের শহরতলী উবেরভিলিয়ে এলাকার একটি হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

মোহাম্মদ মাহবুব হোসাইন, প্যারিস (ফ্রান্স)
ফ্রান্স বাংলাদেশ বিসনেস ফোরাম
ফ্রান্স বাংলাদেশ বিসনেস ফোরাম |নয়া দিগন্ত

ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত উদ্যোক্তা ও ব্যবসায়ীদের নতুন সংগঠন ‘ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরাম’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। সংগঠনটি ফ্রান্স এবং বাংলাদেশে থাকা বাংলাদেশী ব্যবসায়ীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নতুন উদ্যোক্তাদের সহায়তা এবং বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে কাজ করবে বলে জানানো হয়েছে।

শুক্রবার (৮ মে) উত্তর প্যারিসের শহরতলী উবেরভিলিয়ে এলাকার একটি হলে আয়োজিত ‘মিট দ্য প্রেস’-এ সংগঠনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এ সময় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়িক কার্যক্রম এবং বাংলাদেশে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

জুনেদ আহমেদকে সভাপতি এবং সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে সংগঠনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

সভাপতির বক্তব্যে জুনেদ আহমেদ বলেন, ‘ফ্রান্সে অবস্থানরত বাংলাদেশী ব্যবসায়ীরা বাংলাদেশের অর্থনীতিতে আরো বড় ভূমিকা রাখতে আগ্রহী। আমরা বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি করতে চাই এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চাই। বিশেষ করে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালুর ক্ষেত্রেও আমরা ইতিবাচক ভূমিকা রাখতে চাই।’

তিনি আরো বলেন, ‘প্রবাসী উদ্যোক্তাদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক আরো শক্তিশালী করা সম্ভব। পাশাপাশি নতুন প্রজন্মের উদ্যোক্তাদের উৎসাহিত করতে সংগঠনটি বিভিন্ন প্রশিক্ষণ ও নেটওয়ার্কিং কার্যক্রম পরিচালনা করবে।’

মিট দ্য প্রেস অনুষ্ঠানে ফ্রান্সে কর্মরত স্যাটেলাইট, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। উপস্থিত সাংবাদিকরা ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ এবং প্রবাসী উদ্যোক্তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন।

বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কীভাবে আরও বেশি বাংলাদেশমুখী করা যায় এবং তাদের বিনিয়োগে উৎসাহিত করা যায়, সে বিষয়টিকে গুরুত্বের সাথে তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন শাহ জামাল, ড. মোহাম্মদ কামরুল, আলতাফুর রহমান, ফয়সাল আহমদ,আব্দুল মুকিত, জিসাদ রহমান, ফারুক আহমেদ, সফিক উল্লাহ স্বপন ও ফারুক হোসেনসহ সংগঠনের অন্য নেতারা।

সভায় বক্তারা ফ্রান্স থেকে বাংলাদেশের আবাসন, জ্বালানি, ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।